আমি হারিয়ে যাইনি, আমি এসেছি—তোমাদের তরে, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে, নির্যাতিত মানুষের কান্নার ভাগ নিতে, অন্ধকারের বুকে সত্যের মশাল জ্বালাতে। আমি এসেছি— এক ধর্ষিতা শিশুর বাবার বুকফাটা আর্তচিৎকারের পাশে দাঁড়াতে, সন্তান হারানো মায়ের শূন্য বুকের নিঃশব্দ কান্নার ভাষা হতে। আমি এসেছি সেই বাবার চোখের জল মুছতে, যে বাবা আজও সন্তানের ফিরে আসার আশায় দরজার দিকে তাকিয়ে থাকে প্রতিটি প্রহরে। আমি এসেছি— সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার চাইতে, আমি এসেছি মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ডের বিচার চাইতে, আমি এসেছি সেই সব মানুষের কথা বলতে, যাদের আর্তনাদ ক্ষমতার দেয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরে আসে নিঃশব্দ অন্ধকারে। আমি এসেছি— নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হতে, অসহায়ের পাশে দাঁড়াতে, দুর্নীতি, অনিয়ম আর অন্যায়ের বিরুদ্ধে কলমকে প্রতিবাদের অস্ত্র বানাতে। আমি এসেছি সত্যের পক্ষে দাঁড়াতে, মিথ্যার মুখোশ ছিঁড়ে দিতে, ভয় দেখিয়ে যাদের থামিয়ে রাখা হয়েছে, তাদের কণ্ঠে সাহসের আগুন জ্বালাতে। আমি জানি, এই পথ সহজ নয়, এ পথে আছে হুমকি, নির্যাতন, আছে অপমান আর অসংখ্য বাধা। তবুও আমি থামব না, কারণ আমার নীরবতা মানেই অন্যায়ের কাছে আত্মসমর্পণ, আমার কলম থেমে যাওয়া মানেই কোনো অসহায়ের আর্তনাদকে অন্ধকারে হারিয়ে যেতে দেওয়া। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমাকে থামিয়ে রাখার সাধ্য কার? আমি তো একা নিজের জন্য আসিনি, আমি এসেছি মানুষের অধিকার ফিরিয়ে দিতে, আমি এসেছি সত্যের পক্ষে দাঁড়াতে, আমি এসেছি এই দেশটাকে আরও সুন্দর, নিরাপদ ও মানবিক করতে। মনে রেখো, আমি একা নই— আমার সঙ্গে আছে হাজারো বিবেক, লক্ষ মানুষের জমে থাকা ক্ষোভ, বিচারপ্রত্যাশী প্রতিটি পরিবারের দীর্ঘশ্বাস, আর অধিকার ফিরে পাওয়ার অদম্য স্বপ্ন। আমার কণ্ঠ থামলেও আরেকটি কণ্ঠ জেগে উঠবে, আমার কলম থামলেও আরেকটি কলম সত্য লিখবে। একটি প্রদীপ নিভিয়ে দিলে হাজার প্রদীপ জ্বলে উঠবে, একটি কণ্ঠ রুদ্ধ করলে লক্ষ কণ্ঠে প্রতিবাদ ধ্বনিত হবে। আমি হারিয়ে যাইনি, আমি ফিরে এসেছি— আরও দৃঢ় প্রত্যয়ে, আরও সাহসী উচ্চারণে, আরও তীব্র প্রতিবাদের ভাষা নিয়ে। আমি এসেছি অন্যায়ের বিরুদ্ধে, আমি এসেছি মানুষের অধিকারের পক্ষে, আমি এসেছি বিচারহীনতার অবসান চাইতে, আমি এসেছি রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি নিয়ে। আমি থামব না, আমি মাথা নত করব না, সত্যের প্রশ্নে আমি আপস করব না। যত দিন অন্যায় থাকবে, যত দিন মানুষের চোখে জল থাকবে, যত দিন বিচারপ্রার্থীর কণ্ঠে আকুল আর্তনাদ ধ্বনিত হবে— তত দিন আমার প্রতিবাদ চলবে, তত দিন আমার কলম চলবে, তত দিন আমি রাজপথে, মানুষের পাশে, সত্যের পক্ষে কথা বলে যাব। কারণ আমি শুধু একজন মানুষ নই, আমি প্রতিবাদের একটি কণ্ঠ, আমি অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা বিবেক, আমি নিপীড়িত মানুষের না-বলা গল্প, আমি হার না-মানা এক প্রত্যয়। আমি হারিয়ে যাইনি—আমি আছি, আমি থাকব! আমি একা নই—আমরা অনেক! যত দিন অন্যায় থাকবে, তত দিন প্রতিবাদ চলবে!